প্রথম ম্যাচ হেরে মাহমুদউল্লাহ সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কথা জানিয়েছিলেন। তবে সিলেটকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছেন বলে মনে করেন খুলনার অধিনায়ক, ‘আজকে (বুধবার) সামর্থ্যের প্রমাণ রাখতে পেরেছি। যেভাবে আমরা পরিকল্পনা করেছি, সেভাবেই ছেলেরা মাঠে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে।’
বুধবার দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল খুলনা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার বদলে মাইকেল ক্লিঙ্গার একাদশে সুযোগ পেয়েছিলেন। মূলত বাড়তি একজন ব্যাটসম্যান খেলাতেই টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত। মাহমুদউল্লাহর ভাষায় যা এমন, ‘চিন্তাটা ছিল আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর। যেহেতু রাতে আমরা খেলছি। শিশিরের কারণে এখানে স্পিনাররা তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এজন্য আমরা অতিরিক্ত একজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি। ব্যাটিং বিভাগটা শক্তিশালী করেছি।’
এটাই সঠিক কম্বিনেশন কিনা এমন প্রশ্নে বাংলা ট্রিবিউনকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে এটাই সঠিক কম্বিনেশন। তারপরও দিনের বেলা খেলা কিংবা উইকেটের ওপর নির্ভর করে হয়তো আমাদের কম্বিনেশনটা পরিবর্তন হতে পারে।’
খুলনা ছাড়াও আরও তিনটি দলের বিপক্ষে সিলেট সিক্সার্স খেলেছে। ঢাকা, কুমিল্লা, রাজশাহীকে হারালেও খুলনাকে হারাতে পারেনি তারা। উড়তে থাকা সিলেটকে গুঁড়িয়ে দিলেও আত্মতৃপ্তিতে ভুগতে চায় না খুলনা অধিনায়ক, ‘না, ওই রকম ভাবছি না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই ভালো। প্রতিটি ম্যাচই গুরুত্ব দিয়ে খেলতে হবে। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে রাজি নই।’