অ্যাশেজে ইংল্যান্ডের সহ-অধিনায়ক অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসনব্রিস্টলে বেন স্টোকসের মারামারি ঘটনায় এখনও পুলিশি তদন্ত চলছে। তারপরও ইংল্যান্ডের অ্যাশেজ দলে তিনি। অবশ্য তাকে ছাড়া লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচকরা। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো আরেকজনকে। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতায় ইংল্যান্ডের সহ-অধিনায়কত্ব করবেন জেমস অ্যান্ডারসন।

অধিনায়ক জো রুটের সহকারী হিসেবে অ্যান্ডারসনের নাম নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্যাম্প। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও স্টুয়ার্ট ব্রড এই দায়িত্ব পাওয়ার দৌড়ে ছিলেন। তবে সবচেয়ে এগিয়ে ছিলেন অ্যান্ডারসন।

গত সোমবার ইংল্যান্ডের শীর্ষ টেস্ট উইকেটশিকারি সহ-অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। রুটের সহকারী হিসেবে প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন কিনা প্রশ্নে ৫০৬ টেস্ট উইকেটের মালিক বলেছেন, ‘অবশ্যই না। আমি না বলতে পারব না।’ দায়িত্ব পেলে অ্যান্ডারসন সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই বক্তব্যে, ‘গত কয়েক বছরে দলে আমার ভূমিকাকে একজন নেতা হিসেবে দেখেছি। এখন দলে আসছে তরুণ বোলাররা। আমি যতখানি সম্ভব তাদের সহায়তার চেষ্টা করেছি। আমি মনে করি জো (রুট) এমন কিছু মানুষ দলে পেয়েছে যাদের ওপর আস্থা রাখা যায়, এটা গুরুত্বপূর্ণ।’ দ্য টেলিগ্রাফ