হাথুরুসিংহের পদত্যাগে বিস্মিত মাশরাফি

f4976190905804d1a3990d277a9eebbf২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চন্ডিকা হাথুরুসিংহের আর ভালো লাগছে না। বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার কোচ হতে এ সিদ্ধান্ত, এমন খবর শোনা যাচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পদত্যাগপত্র এখনও গ্রহণ না করায় চূড়ান্ত কিছু হয়নি। কিন্তু শ্রীলঙ্কান কোচের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাও এ খবর শুনে হতবাক।
গত বৃহস্পতিবার হাথুরুসিংহের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আগেই তাদের হাতে সেটা এসেছিল। তিনি জানান, দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশের সিরিজ চলার সময় শ্রীলঙ্কান কোচ পদত্যাগপত্র জমা দেন। যদিও দলের কেউই এ ব্যাপারে জানতে পারেননি। হাথুরুসিংহের সঙ্গে ওই সময় নানা বিষয়ে কথাও হয়েছিল মাশরাফির। কিন্তু ঘুণাক্ষরেও হাথুরুসিংহের পদত্যাগের পরিকল্পনা জানতে পারেননি ওয়ানডে অধিনায়ক।

রাজশাহী কিংসের বিপক্ষে বিপিএলের ম্যাচ শেষে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিষয়টি নিয়ে কথা বলেছেন, ‘আমি দুই সপ্তাহ সেখানে ছিলাম। এ সময়ে তার সঙ্গে অনেক ইতিবাচক কথা হয়েছে। সে সময় আমরা একটা ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করছিলাম। আসলে সত্যি কথা বলতে তিনি পদত্যাগ করতে পারেন, এ ধরনের কোনও কথাই হয়নি।’

হাথুরুসিংহে চেয়েছিলেন বলেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল মাশরাফিকে। যদিও কেবল অধিনায়কত্বই ছাড়েননি তিনি, ২০ ওভারের ক্রিকেটকেই বিদায় জানান। এতে বলা যায়, তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে হাথুরুসিংহের প্রভাব আছে। সেই কোচের পদত্যাগের প্রতিক্রিয়ায় কৌশলী জবাব দিলেন মাশরাফি, ‘আসলে এখনও তো সব কিছু কেবল শোনাই যাচ্ছে। মন্তব্য করা তাই কঠিন। বোর্ড থেকে তার সঙ্গে কথা বলা হবে হয়তো। আমি আসলে কিছুই জানি না। সবকিছু নিশ্চিত হওয়ার পর আসলে মন্তব্য করা যাবে।’

পরবর্তী কোচ কেমন চান, এ প্রশ্নে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। এর আগে জেমি সিডন্স বা ডেভ হোয়াটমোর, তারাও সফল ছিলেন। কে কখন সফল হবেন, এটা বলা খুব মুশকিল। তবে অবশ্যই চিন্তা-ভাবনা করেই কোচের সিদ্ধান্ত নেবে বিসিবি। যদিও এখন কোচের চলে যাওয়াটাই নিশ্চিত হয়নি।’

বিসিবি চাইলে কোচের ব্যাপারে সিনিয়র খেলোয়াড়রা তাদের মতামত দেবে জানালেন বাংলাদেশের অভিজ্ঞ এ পেসার, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে আমরা কিছু বলার চেষ্টা করবো।’