সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের প্রসঙ্গ উঠতেই মুমিনুলের ঠোঁটের কোণে ভেসে উঠলো হাসি, ‘আমি নিজের মতো আছি, লক্ষ্য ঠিক রেখে এগোচ্ছি। আমার লক্ষ্য ছিল ৪০-৫০ রান করে ফেললেও অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়া। আমি সব সময় বড় ইনিংস উপভোগ করি, আর সেটা নয় নম্বরে নেমে হলেও। ভালো খেলতে পারলে দলের নীতি নির্ধারকরাই আমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে আমার কোনও হাত নেই।’
গত বিপিএলে মুমিনুলের পারফরম্যান্স ভালোই ছিল। তবে ১৫ ম্যাচে ৩৩১ রান করলেও স্ট্রাইক রেট (১০৮.১৬) নিয়ে সন্তুষ্ট নন তিনি। এবার এদিকে বিশেষ নজর বাঁহাতি ব্যাটসম্যানের, ‘গত বছর আমার স্ট্রাইক রেট তেমন ভালো ছিল না। এবার আমার লক্ষ্য, স্ট্রাইক রেট ভালো রাখা।’
দক্ষিণ আফ্রিকায় মাশরাফি মুর্তজার কথায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুমিনুল। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি। মুমিনুল-ঝড়ে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফির প্রশংসা, ‘আজ মুমিনুল খুব ভালো খেলেছে। সে প্রথম ছয় ওভার খুব ভালো ব্যবহার করেছে।’