১১তম টেস্ট খেলুড়ে দেশটি র্যাংকিংয়ের তিন নম্বর দলটির বিপক্ষে প্রথম টেস্ট আয়োজন করবে ম্যালাহাইডে। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল এই মাঠে। সর্বশেষ এখানে গত মেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল সেখানে।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচ আয়োজনে ম্যালাহাইড সম্মতি দেওয়ায় আমরা আনন্দিত। খুব অল্প কয়েকটি ম্যাচ এখানে আয়োজন করা হলেও এই ক্লাব এরই মধ্যে আমাদের কিছু চমৎকার মুহূর্ত উপহার দিয়েছে। আমাদের বিশ্বাস ১১ মে আরও অনেক কিছু পাব এখানে।’
ম্যালাহাইড চেয়ারম্যান কিয়ারান কেউহেন বলেছেন, উত্তর ডাবলিনের ক্লাবটি দুই দলকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে। একই সঙ্গে উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত এ কর্মকর্তা, ‘এটা শুধু আইরিশ ক্রিকেটের জন্য সেরা প্রদর্শনী হবে তা নয়, ম্যালাহাইডের জন্যও দারুণ কিছু।’ বিবিসি