হারার অবস্থানে থাকলেও কুপারকে ফিরিয়ে আনতেন তামিম

Tamim-Iqbal-of-Comilla-Victoriansআম্পায়ার আউট দিলেন। তা দেওয়ারই কথা, কেভন কুপারকে তো আর ইচ্ছা করে ধাক্কা মারেননি ডোয়াইন ব্রাভো। কুপারও কোনও প্রতিবাদ না করে হাঁটা দিলেন প্যাভিলিয়নের দিকে। আর এই পরিস্থিতিতেই ক্রিকেট বিশ্ব দেখলো উদারতার অনন্য এক দৃষ্টান্ত। ‘ভদ্রলোকের খেলা’কে প্রাপ্য সম্মান দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ফিরিয়ে আনলেন আউট হয়ে যাওয়া কুপারকে। জয়ের পাল্লাটা ওই সময় হেলে ছিল কুমিল্লার দিকেই। তবে হারের জায়গায় থাকলেও তামিম একই কাজ করতেন বলে জানিয়েছেন পুরস্কার বিতরণী পর্বে।

ঢাকা ডায়নামাইটসের জয়ের লক্ষ্য ছিল ১৬৮ রানের। ১৮তম ওভারে ব্রাভোর বলে কুপার যখন রান আউট হলেন, জয়ের জন্য ঢাকার দরকার তখন ১৬ বলে ৪৪ রান। কুপারের উইকেটটি ধরলে কুমিল্লার দরকার ৩ উইকেট। ক্রিকেট ‘মহান অনিশ্চয়তার খেলা’ হলেও জয়ের পাল্লা পরিষ্কারভাবে হেলে ছিল কুমিল্লার দিকে। এই কারণেই তামিম উদারতা দেখিয়েছেন কিনা, সেই প্রশ্ন ওঠার আগেই ম্যাচ শেষে বাংলাদেশের ওপেনার জানিয়ে দিলেন তার বক্তব্য।

হারার মতো অবস্থানে থাকলেও একই কাজ করতেন তামিম, ‘আমরা ক্রিকেটকে বলি ভদ্রলোকের খেলা। আমাকে তাই সৎ থাকতেই হবে। সেটিই চেষ্টা করেছি। আমার দল যদি হারার অবস্থানেও থাকতো, তাহলেও আমি একই কাজ করতাম।’

তামিমের উদারতা ক্রিকেট বিশ্ব দেখেছে ঢাকার ইনিংসের ১৮তম ওভারে। ব্যাটিংয়ে থাকা ঢাকা ব্রাভোর করা ওই ওভারের প্রথম বলেই হারায় কিয়েরন পোলার্ডের উইকেটটি। পরের বলেই রান আউট কুপার। রান নিতে গিয়ে ব্রাভোর সঙ্গে ধাক্কা খায় এই ব্যাটসম্যান, যাতে মাটিতে পড়ে যান ব্রাভো। গলায় আঘাত পাওয়া কুপার দাঁড়িয়ে থাকলেও দৌড়ালেন না আর, কারণ ততক্ষণে বুঝে গেছেন রান আউট থেকে আর বাঁচতে পারবেন না তিনি।

এখানেই তামিম দেখালেন তার উদারতা। ক্রিজের মাঝে পড়ে থাকা সতীর্থ ব্রাভোর দিকে না গিয়ে তিনি ছুটলেন কুপারের দিকে। প্রথম দফায় তার সঙ্গে ওই মুহূর্তটা নিয়েই হয়তো কথা বলেছিলেন তামিম। যদিও কুপার হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে। পরে ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানকে ঠিকই মাঠে ফিরিয়ে আনেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের এক টেস্ট ম্যাচে ইয়ান বেল আউট হলেও তাকে আবার মাঠে ফিরিয়ে এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও সেখানে ইংল্যান্ড অভিযোগ তুলেছিল বেলের আউট নিয়ে। বুধবার বিপিএলের ম্যাচে ঢাকার কাছ থেকে কোনও অভিযোগ আসার আগেই তামিম দেখালেন তার উদারতা। যাতে ‘ভদ্রলোকের খেলা’কে দিলেন প্রাপ্য সম্মান, আর ব্যক্তি তামিমকে নিয়ে গেলেন আরও উঁচুতে।