ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ হয়নি গত ১০ বছর। তিন বছর আগে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। দুই বছর পার হয়ে গেলেও এখনও দুই দলের মুখোমুখি হওয়ার ব্যাপারে কোনও সুরাহা হয়নি। গত মে মাসে একটি নোটিশ বিসিসিআই’র কাছে পাঠিয়ে প্রত্যাখ্যাত হয় পিসিবি। এবার তারা আইসিসির কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ করলো।
গত দুই বছরে দুটি সিরিজ না হওয়ার কারণে পাকিস্তানের ৭ কোটি ডলার ক্ষতিপূরণ দাবির কথা নিশ্চিত করেছেন আইসিসির মুখপাত্র। বিরোধ নিষ্পত্তির নোটিশের পরবর্তী ধাপ কী হবে, সেটা জানালেন তিনি, ‘পিসিবির আইনজীবীদের কাছ থেকে আইসিসি বিরোধ নিষ্পত্তির নোটিশ পেয়েছে। আগামী সপ্তাহে বিরোধ নিষ্পত্তি কমিটির সভাপতির কাছে এটা পাঠানো হবে।’