গেইলকে ঝড় তোলার সুযোগই দিলেন না মেহেদি। ক্যারিবিয়ান তারকাকে মুখোমুখি হওয়া প্রথম বলে বোল্ড করে উইকেট উৎসব শুরু এই স্পিনারের। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামানোর পথে দিয়েছেন নেতৃত্ব। ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে জিয়াউর রহমানকে দিয়ে ওপেনিং করিয়েছিল রংপুর। তাতে কোনও লাভ হয়নি। গেইলের পর তাকেও বোল্ড করে ফেরান মেহেদী। প্যাভিলিয়নে ফেরার আগে জিয়াউরের সংগ্রহ ৯ বলে ৬।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন ওয়ান ডাউনে নামা ম্যাককালাম ও মোহাম্মদ মিথুন। টি-টোয়েন্টিতে ‘টেস্ট’ মেজাজে ব্যাটিং করেও বেশিদূর যেতে পারেননি ম্যাককালাম। কিউই ব্যাটসম্যানের আগেই অবশ্য প্যাভিলিয়নে ফেরেন মিথুন (১৭) ও রবি বোপারা (৪)। আর মেহেদির তৃতীয় শিকার হয়ে ৩১ বলে ২৪ রান করে ম্যাককালামের আউটের পর দাঁড়াতে পারেননি আর কেউই।
চামারা কাপুগেদারা (২), নাহিদুল ইসলাম (৬), মাশরাফি (৯) সবাই ব্যর্থ। দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে রান নিয়ে যেতে পেরেছেন সোহাগ গাজী (১২)। তাতেও অবশ্য দলীয় সংগ্রহ ১০০ পর্যন্ত নিয়ে যেতে পারেনি রংপুর।
মেহেদি একাই আসলে শেষ করে দিয়েছেন রংপুরের টপ অর্ডার। তার সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনও ছিলেন কার্যকর, ২২ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।