পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে গতবার তৃতীয় হওয়া দলটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মাশরাফির দল। সবার আগে সেরা চার নিশ্চিত করেছে খুলনা। রংপুর অবশ্য নিশ্চিন্ত হতে পারছে না, তাদের ভাগ্য ঝুলছে সুতোর ওপরে।
সেরা চার নিশ্চিত করেছে তিনটি দল-খুলনা টাইটানস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডায়নামাইটস। আজ প্রথম ম্যাচে সিলেট হেরে গেলে রংপুরের সম্ভাবনা উজ্জ্বল হবে।
লিগ টেবিলের সেরা দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। আর ওই ম্যাচ জিতলেই ফাইনাল। সুযোগটা কাজে লাগাতে মরিয়া খুলনা টাইটানস। নাফিস বলেছেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়নি। সেদিনের ব্যর্থতা ভুলে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই, পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকতে চাই। আশা করি, রবিবার ইতিবাচক ফল পাবো আমরা।’
অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে টানা তিন ম্যাচ হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি অবশ্য সেরা চার নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘শুরুতে তিনটি হার আমাদের কাজটা খুব কঠিন করে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আজ (শনিবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে পারিনি। আশা করি, কাল ভালো খেলেই খুলনা টাইটানসকে হারাতে পারবো।’