চান্ডিমাল-ম্যাথুজের সেঞ্চুরির পরও এগিয়ে ভারত

ম্যাথুজ ও চান্ডিমাল প্রতিরোধ গড়েছিলেনঅবশেষে বলার মতো ব্যাটিং করলো শ্রীলঙ্কা। ভারতীয় স্পিনারদের সামাল দিলো অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালের জুটি। তাতে লঙ্কানরা ফলোঅন এড়ানোর স্বস্তিতে থাকলেও তৃতীয় দিন শেষে এগিয়ে ভারত।

শ্রীলঙ্কা সোমবারের খেলা শেষ করেছে ৯ উইকেটে ৩৫৬ রানে। তার আগে ৭ উইকেটে ৫৩৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এখনও ১৮০ রানের লিড স্বাগতিকদের।

আগের দিনের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিকে তৃতীয় দিন বেশ লম্বা করেছেন চান্ডিমাল ও ম্যাথুজ। গত পাঁচ বছরে ভারতের মাটিতে সফরকারী দলের সবচেয়ে লম্বা জুটির রেকর্ড গড়েছেন তারা দুজন। চতুর্থ উইকেটে ৪৭৬ বল খেলে ১৮১ রান স্কোরবোর্ডে জমা করেছেন তারা। লাঞ্চের কিছুক্ষণ পর ২৩১ বলে ১৩ চার ও ২ ছয়ে ম্যাথুজ অষ্টম সেঞ্চুরি পান।

উইকেট নেওয়ার পর অশ্বিনকে অভিনন্দন জানাচ্ছেন রাহানেএই শক্ত জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬৮ বলে ১১১ রানে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার গ্লাভসে ধরা পড়েন ম্যাথুজ। তৃতীয় সেশনে ক্যারিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি পাওয়া চান্ডিমালকে এরপর সঙ্গ দিয়ে কিছুটা সফল হন সাদিরা সামারাবিক্রমা (৩৩)। তাদের ৬১ রানের জুটি ভাঙার পর ক্রিজের অপর প্রান্তে চান্ডিমাল আর কারও কাছে উপযুক্ত সমর্থন পাননি।

রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের স্পিনে ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। চান্ডিমাল একপ্রান্ত আগলে রেখেছেন। ক্যারিয়ারের চতুর্থবার দেড়শ রানের ইনিংস থেকে ৩ রান দূরে তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক ৩৪১ বলে ১৪৭ রানে অপরাজিত আছেন। শেষ জুটিতে তাকে সঙ্গ দিচ্ছেন লাকশান সান্দাকান।

অশ্বিন তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে পান জাদেজা, ইশান্ত ও মোহাম্মদ সামি।