‘পেটের ব্যথায় দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমি অনেকটাই সুস্থ। আগামীকাল (বৃহস্পতিবার) বাসায় ফিরব।’- নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেছেন সালমা। খুলনার ক্রিকেটে মেয়েদের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইমতিয়াজ হোসেন পিলু জানিয়েছেন, ভারত সফর শেষে দেশে ফেরার পর হঠাৎই পেটে ব্যথা অনুভব করেন সালমা। ইমতিয়াজের বক্তব্য, ‘১৭ ডিসেম্বর দেশে ফেরার দুই দিন পর খুলনায় ফেরে সালমা। ফেরার পথে গোপালগঞ্জ পৌঁছানোর পর সালমা পেটে ব্যথা অনুভব করে। ওই অবস্থা নিয়ে বাসায় ফিরলেও পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।’
সালমা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। বুধবার বিকাল পর্যন্ত তার অবস্থার উন্নতি হয়েছে। এখন সালমা শঙ্কামুক্ত হলেও শারীরিক সমস্যা সম্পর্কে নিশ্চিত হতে আরও একটি পরীক্ষা করতে হবে তার।