বুধবার বেক্সিমকো কার্যালয়ে নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘প্রধান কোচের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে, আজকেও কোচ হতে আগ্রহীদের মেইল পেয়েছি আমরা। ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজে আমরাই চালিয়ে নেবো। আমরা অবশ্য একজন টপ ক্লাস ব্যাটিং পরামর্শক নেওয়ার চেষ্টা করছি, তবে তার নাম বলা যাবে না।’
ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, বাংলাদেশের পরবর্তী কোচ হতে পারেন গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ও ভারতের সাবেক কোচ অবশ্য পূর্ণমেয়াদে টাইগারদের কোচ হতে রাজি নন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ হোবার্ট হারিকেনের কোচের দায়িত্বে আছেন কারস্টেন। এরপর তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হওয়ার জোরালো সম্ভাবনা। তথ্যটি জানিয়ে বিসিবি সভাপতির মন্তব্য, ‘কারস্টেনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে প্রধান কোচ নয়, পরামর্শক হিসেবে তাকে নিতে চাই আমরা। তিনি শুধু জাতীয় দল নয়, সব বিষয়ে কাজ করবেন। অবশ্য ফেব্রুয়ারির আগে তাকে পাওয়া যাবে না। কারস্টেন আইপিএলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। আমরা চাই না, আমাদের প্রধান কোচ অন্য কোথাও কাজ করুক। তাই প্রধান কোচ হিসেবে কারস্টেন আমাদের চাহিদা পূরণ করতে পারবেন না।’
প্রধান কোচ নিয়োগে এত সময় লাগছে কেন জানতে চাইলে নাজমুল হাসান বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন এমন একটা পর্যায়ে গেছে যে ভেবেচিন্তে কোচ আনতে হবে। যেন-তেন কোচ আনলে হবে না। আগের চেয়ে এখন কোচ নেওয়া কঠিন, কারণ আগে দল হারের মধ্যে ছিল। তাছাড়া হঠাৎ বড় ধরনের পরিবর্তন আনলে দলের ওপর বাজে প্রভাব পড়তে পারে। আমরা তাই ভেবে-চিন্তে ভালো কোচ নিয়োগের চেষ্টা করছি।’