এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে মিরাজের সেরা বোলিং ছিল ৬/৫০। বুধবার অফস্পিনে একটি উইকেট বেশি নিয়েছেন তিনি। এই তরুণ অলরাউন্ডারের বোলিং ফিগার এক কথায় অসাধারণ, ১১.৪-৫-২৪-৭। সাত উইকেটের চারটিই বোল্ড! ২৩তম ম্যাচ খেলতে নামা মিরাজের শিকার সংখ্যা এখন ৯১।
মিরাজের বোলিংয়ে ধ্বংসস্তুপে পরিণত ঢাকার পক্ষে রকিবুল হাসান (২৮) আর শুভাগত হোম (২১) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। বাকি তিন উইকেটের দুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান, অন্যটি আব্দুর রাজ্জাকের।
প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেওয়ার তৃপ্তি নিয়ে ফেরা খুলনার প্রথম দিনে কোনও ক্ষতি হয়নি। দিনশেষে এনামুল হক বিজয় ১২ ও সৌম্য সরকার ১১ রানে অপরাজিত।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম স্তরের অন্য ম্যাচে লড়ছে রংপুর ও বরিশাল বিভাগ। কুয়াশার কারণে নির্ধারিত সময়ের প্রায় সোয়া ঘণ্টা পর শুরু হয়েছে খেলা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বরিশাল ৭৭ ওভারে ৬ উইকেটে ২৮০ রানে শেষ করেছে প্রথম দিন। মাত্র এক রানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন সোহাগ গাজী। তার ১০৪ বলের আক্রমণাত্মক কিন্তু আক্ষেপজাগানো ৯৯ রানের ইনিংস সাজানো ১৩টি চার ও একটি ছক্কায়। আল আমিন জুনিয়র (৫০), মোসাদ্দেক হোসেন (৩৫) এবং নুরুজ্জামানের (অপরাজিত ৫১) ব্যাটিংও স্বস্তি এনে দিয়েছে বরিশালকে।