টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। তার ডেপুটি হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ। নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ভাগাভাগি করলেন তিনি এভাবে, ‘দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব আমার কাজটা ভালোভাবে পালন করতে।’ এর আগেও অবশ্য একই দায়িত্ব সামলেছিলেন তিনি। শোনা যায়, মাহমুদউল্লাহ নিজেই নাকি ছেড়ে দিয়েছিলেন সহ-অধিনায়কত্ব। যদিও ডানহাতি এই ব্যাটসম্যান সেটা মানলেন না, ‘আমি ছেড়ে দিয়েছিলাম, ব্যাপারটা ঠিক না। কারণ বিসিবি যেটা ভালো মনে করেছে ওই সময়, সেটাই করেছে। আবার দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আমার দিক থেকে পুরোপুরি যেন ওই দায়িত্বটা পালন করতে পারি।’
রবিবার শেষ হয়েছে শ্রীলঙ্কার ভারত সফর। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া লঙ্কানদের সফরটা মোটেও ভালো কাটেনি। তাই বলে তাদেরকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মাহমুদউল্লাহ, ‘শ্রীলঙ্কা অবশ্যই খুব ভালো দল। যদিও ওরা ভারতের কাছে হেরেছে। তারপরও আমি মনে করি (বাংলাদেশের) এই সিরিজের প্রতি তাদের আলাদা নজর থাকবে। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘দেশের মাটিতে সিরিজ হওয়ায় আমরা অনেক আত্মবিশ্বাসী। কন্ডিশন কাজে লাগিয়ে যেন সেরাটা বের করতে পারি, সেদিকেই আমাদের নজর।’
নজর থাকবে আরও একটি দিকে। এতদিন যার অধীনে খেলেছে বাংলাদেশ, সেই চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কাকে নিয়ে তার প্রথম মিশনে নামতে যাচ্ছেন টাইগারদের বিপক্ষে। শ্রীলঙ্কান এই কোচ দায়িত্ব ছাড়ার পর বিসিবি এখনও কোচ নিয়োগ দেয়নি। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ তাই কোচ ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। তাতে অবশ্য কোনও সমস্যা দেখছেন না মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় না (সমস্যা হবে)। (খালেদ মাহমুদ) সুজন ভাই, রিচার্ড (হ্যালসেল), (কোর্টনি) ওয়ালশ আছেন। সব মিলিয়ে আমাদের ভালো একটি টিম ম্যানেজমেন্টেই আছে। তারপরও নতুন শুরু, তাই ভালো শুরুটা গুরুত্বপূর্ণ।’
গত মার্চে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে। সেই দলের দায়িত্ব নিয়ে প্রথম মিশনে নামতে যাচ্ছেন আবার বাংলাদেশের সাবেক কোচ। এই অলরাউন্ডার অবশ্য এত কিছু ভাবছেন না, নিজের দিকেই নজর তার, ‘আমি অত গভীরভাবে চিন্তা করছি না। চিন্তা করছি আমি কিভাবে ভালো পারফর্ম করতে পারব। এর বেশি কিছু চিন্তা করছি না।’
নতুন বছরের শুরুটা ভালোভাবে করার লক্ষ্যের কথাও শোনালেন মাহমুদউল্লাহ, ‘বছরের শুরুটা ভালো করা জরুরি। হোম কন্ডিশনে খেলা, এটা সম্পর্কে আমরা ভালোমতোই জানি। প্রতিপক্ষের সব খেলোয়াড় সম্পর্কেও মোটামুটি একটা ধারণা আছে। তো ভালো পারফরম্যান্স জরুরি। বছরের শুরুতেই ভালো করতে পারলে আমাদের উৎসাহ-উদ্দীপনা বেড়ে যাবে।’