৬৮ রানে অলআউট জিম্বাবুয়ে

মরনে মরকেলের উইকেট উদযাপনশুরু হতে হতেই শেষ- জিম্বাবুয়ের ইনিংসটা এভাবে ব্যাখ্যা করলেও ভুল হবে না। মরনে মরকেলের বোলিং তোপে মাত্র ৬৮ রানেই অলআউট হয়ে গেছে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম ইনিংসে। বড় এই লজ্জার পর ফলোঅনে নামতে হয়েছে সফরকারীদের।

প্রথম ইনিংসে মাত্র ৩০.১ ওভার ব্যাটিং করতে পেরেছে সফরকারীরা। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে দ্রুত ৪ ‍উইকেট হারিয়ে ফেলায় কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল তাদের জন্য। তবে দ্বিতীয় দিনে এমন বেহাল অবস্থার কথা হয়তো তারও চিন্তা করেনি। আগের দিন ৩ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার ধসিয়ে দেওয়া মরকেল আরও দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ৫ উইকেটের দেখা।

তার সঙ্গে কাগিসো রাবাদা (২/১২) ও আন্দিলে ফেহলুকাও (২/১২) যোগ দিলে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। চার দিনের দিবা-রাত্রির এই টেস্টে বিধ্বস্ত জিম্বাবুয়ের এটি পঞ্চম সর্বনিম্ন স্কোর। ৫১ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডও আছে আফ্রিকার দেশটির। প্রোটিয়া বোলারদের তোপে কেবল কাইল জারভিস (২৩) ও  রায়ান বার্ল (১৬) পেরেছেন রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে। ক্রিকইনফো