প্রথম দিন অনুশীলন না করলেও ব্লিপ টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। যেখানে সর্বোচ্চ ১২.১০ লেভেল পয়েন্ট তুলেছেন নাজমুল হোসেন শান্ত। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে দ্রুত আসা-যাওয়া করে দিতে হয় এই পরীক্ষা।
ব্লিপ টেস্টের তত্ত্বাবধায়ক ক্রিকেট বোর্ডের ট্রেনার ইফতেখারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবচেয়ে ভালো করেছে শান্ত। তবে সবারই গড় ১২-এর কাছাকাছি, যা নিয়ে আমি সন্তুষ্ট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সবারই ব্লিপ টেস্টের উন্নতি হবে।’
প্রথম দিনের ক্যাম্প শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দুই তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান ও মেহেদী হাসান মিরাজ। নতুন বছরে ভালো করার আশা জানিয়ে মিরাজের মন্তব্য, ‘আগামী বছর আমাদের অনেক খেলা আছে। বছরের শুরুটা ভালো করাই চ্যালেঞ্জিং। আশা করি, আমরা শুরুটা ভালো করতে পারবো। টিমের সবাই ফিট থাকলে সেরাটা বের হয়ে আসবে।’
মেহেদী হাসান এই প্রথম সুযোগ পেলেন প্রাথমিক দলে। মূল দলে সুযোগ পাওয়ার আশাবাদ জানিয়ে তিনি বললেন, ‘আমি আত্মবিশ্বাসী, দলে সুযোগ পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করবো।’
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুই ভাগ হয়ে জিম সেশনে অংশ নেবেন ক্রিকেটাররা। গ্রুপ ‘এ’ সকাল ৯টা থেকে ১০টা এবং গ্রুপ ‘বি’ ১০টা থেকে ১১টা পর্যন্ত জিম করবে। বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত হবে বোলিং অনুশীলন।
৩ জানুয়ারি ফিটনেসের পাশাপাশি স্কিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৪ থেকে ৯ জানুয়ারি শুধু স্কিল অনুশীলন হবে। ১০ জানুয়ারি ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
২০১০ সালের পর প্রথমবারের মতো কোনও ত্রিদেশীয় সিরিজের আয়োজক বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের অংশগ্রহণে প্রতিটি ম্যাচই দিবারাত্রির, আর সব ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে তিনটি দল। সেরা দুই দলের ফাইনাল হবে ২৭ জানুয়ারি।
৩১ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর স্টেডিয়াম। ১৫ ও ১৮ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টিও হবে মিরপুরে।