সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা!

সাকিব আল হাসানঅনেক দিন পর আইপিএল নিলামে ওঠার অভিজ্ঞতা হতে যাচ্ছে সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তার সাত বছরের ‘বন্ধন’ শেষ। এবার সাকিবকে ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।  

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলামে উঠতে আগ্রহী বাংলাদেশি ক্রিকেটারদের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি। এই তালিকায় আছে সাকিবের নাম। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মোটামুটি স্পষ্ট, এবার নাইট রাইডার্স তাকে ধরে রাখবে না। বৃহস্পতিবার ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন সাকিব। ২০১২ সালে ৮টি আর ২০১৪ সালে ১৩টি ম্যাচ খেলে শিরোপা জিততেও সাহায্য করেছেন দলকে।

২০১৫ সালে অবশ্য ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে চারটির বেশি ম্যাচ খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। পরের বছর ১০টি ম্যাচে মাঠে নামলেও গত বছর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। ওই ম্যাচে ব্যর্থতার কারণে গুঞ্জন ছিল, তাকে হয়তো ধরে রাখবে না ‘কেকেআর’। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে যাচ্ছে।

নাইট রাইডার্সের জার্সিতে ৪৩ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরি সহ ৪৯৮ রান করেছেন সাকিব, উইকেট ৪৩টি। এবার কলকাতা ধরে না রাখলেও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের ঠিকানা হতে পারে অন্য দল। সেটা জানতে অপেক্ষা করতে হবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

এদিকে মোস্তাফিজুর রহমানকেও দুই মৌসুম পর ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা মোস্তাফিজ শিকার করেছিলেন ১৭ উইকেট। সেবার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছিলেন ‘ফিজ’। গতবার অবশ্য মাত্র একটি ম্যাচ খেলে উইকেটশূন্য ছিলেন।

মোস্তাফিজ-সাকিবের সঙ্গে এবার নিলামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আরও ছয় জন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আবুল হাসান রাজু ও সাব্বির রহমান।