প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি

তামিম ইকবাল করেছেন ১০৪ রান১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কৃত্রিম আলোতে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবারের এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল।

‘লাল’ ও ‘সবুজ’ দুই দলে ভাগ হয়ে শনিবার ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি-সাকিবরা। শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচটিতে ২৪ ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। ‘সবুজ’ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, আর ‘লাল’ দলকে নেতৃ্ত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

তামিমের ১০৪ রানের সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহমুদউল্লাহ। এই অলরাউন্ডার করেছেন ৮৭ রান। তাদের ইনিংস দুটির ওপর ভর দিয়ে ‘লাল’ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ৩২০ রান।

টস জিতে ‘সবুজ’ দলের অধিনায়ক মাশরাফি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ‘লাল’ দলকে। ব্যাটিংয়ে শুরুটা মন্দ হয়নি তামিম-এনামুল হকের। যদিও ইনিংস লম্বা করতে পারেননি এনামুল। মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান ২১ রান করে। তিনি আউট হলেও ফর্মের তুঙ্গে থাকা তামিম তুলে নিয়েছেন সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১৯ বলে ১০৪ রান করা তামিমকে তো আউটই করতে পারেনি ‘সবুজ’ দল! সেঞ্চুরির পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান বাংলাদেশি ওপেনার।

তামিম দারুণ পারফর্ম করলেও সুবিধা করতে পারেননি সাকিব (২৪), মুশফিকুর রহিম (০) ও সাব্বির রহমান (২০)। সবুজ দলের মোস্তাফিজ, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন প্রত্যেকে পেয়েছেন দুটি করে উইকেট।

৯ জানুয়ারি নিজেদের মধ্যে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা।

বিসিবি সবুজ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন অপু।

বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান।