ছয়টি হাইস্পিড ক্যামেরা দিয়ে আল আমিনের বোলিং অ্যাকশন ভিডিও করেন বিসিবির কম্পিউটার বিশ্লেষকরা। টানা ৭ ওভার বল করেছেন আল আমিন। স্বাভাবিক ডেলিভারি দিয়ে শুরু করার পর স্টক ডেলিভারি আর নিজের অন্যতম সেরা ‘অস্ত্র’ ইনসুইং করেছেন তিনি। বাদ যায়নি আউটসুইং, ইয়র্কার আর বাউন্সার।
বোলিং অ্যাকশনের সমস্যা কাটিয়ে উঠতে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বিকেএসপিতে অনুশীলন করেছেন আল আমিন। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘সব সমস্যা কাটিয়ে উঠেছি, আজ ৭ ওভারে সব ধরনের ডেলিভারি করেছি। আশা করি, পরীক্ষার ফল ইতিবাচক হবে।’
বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, ‘আল আমিনের বোলিং অ্যাকশন বিশ্লেষণ করা হবে। পাঁচ দিন লাগবে ফল পেতে।’
আল আমিনের অ্যাকশন আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিল। ২০১৪ সালের আগস্টে ‘রিপোর্টেড’ হওয়ার পর চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা পান তিনি।