জাতীয় দলের অনুশীলনে বোলারদের জন্য বিশেষ ব্যাটিং অনুশীলনের ব্যবস্থা করেছেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সানজামুল এখন নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বললেন, ‘টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যেন রান করে ভালো সংগ্রহ এনে দিতে পারে দলকে। দলকে সাহায্য করতে আমিও ব্যাট হাতে প্রস্তুত।’
সানজামুল একটাই ম্যাচ খেলেছেন জাতীয় দলের পক্ষে। গত মে মাসে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ২২ রানে দুই উইকেট নিলেও চ্যাম্পিয়নস ট্রফি বা দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাননি। তবে বিপিএলে ৭.২৬ গড়ে ১১ উইকেট নিয়ে জাতীয় দলে ফিরেছেন। আয়ারল্যান্ড সফরের পর বাদ পড়লেও তিনি হতাশ হননি, ‘কন্ডিশনের কারণে আয়ারল্যান্ডে একটি ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। এখন ভালোভাবে সুযোগ কাজে লাগাতে চাই, দলে নিয়মিত হতে চাই।’
স্পিন বোলিং কোচ সুনীল যোশির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানালেন সানজামুল, ‘তিনি সব সময় আমাদের গাইড করেন। কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন। তার অধীনে কাজ করে অনেক উপকৃত হচ্ছি।’