জহুরুলের অপরাজিত সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বড় সংগ্রহ

jahurulবাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চালকের আসনে বিসিবি উত্তরাঞ্চল। জহুরুল ইসলামের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৭ উইকেটে ৪৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। ৩ উইকেট হাতে নিয়ে উত্তরাঞ্চল এগিয়ে ২৪৫ রানে।

বুধবার বিনা উইকেটে ৯৩ রান নিয়ে শুরু করা উত্তরাঞ্চলের মিজানুর রহমানের সামনে ছিল রেকর্ডের হাতছানি। কিন্তু বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ইনিংসে সেঞ্চুরি করতে ব্যর্থ মিজানুর আউট হয়েছেন ৬৪ রান করে।

তবে জহুরুলের অপরাজিত ১৫২ রান বড় সংগ্রহ এনে দিয়েছে উত্তরাঞ্চলকে। ২৩২ বলে খেলা অনবদ্য ইনিংসটি জহুরুল সাজিয়েছেন ৫টি ছক্কা ও ১৪টি চারে। উত্তরাঞ্চলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ রান ধীমান ঘোষের।

মধ্যাঞ্চলের পক্ষে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ১১৬ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া পেসার। দুই স্পিনার মোশাররফ হোসেন ও শুভাগত হোমের শিকার দুটি করে উইকেট।