অকল্যান্ডে ফখর জামান ও বাবর আজমের হাফসেঞ্চুরিতে ৪ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড ১৮.৩ ওভারে অলআউট হয় ১৫৩ রানে। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমানে সমান অবস্থানে দুই দল।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতেও হেরে যায়। ২০ ওভারের প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো তারা। টস জিতে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদকে নিয়ে ১০ ওভারে ৯৪ রানের জুটি গড়েন ফখর। ৩৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৪ রানে শেহজাদ আউট হলে ভাঙে এ জুটি। পরের ওভারে ফেরেন ম্যাচসেরা ফখরও, মাত্র ২৮ বলে ৫ চার ও ৩ ছয়ে সাজানো ছিল তার ৫০ রানের ইনিংস।
বড় লক্ষ্যে নেমে মাত্র ৬৪ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। এই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। মিচেল স্যান্টনার (৩৭) ও হুইলারের (৩০) সর্বোচ্চ ৫৪ রানের জুটি এরপর কেবল প্রতিরোধই গড়েছে। ৩৫ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
ফাহিম সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান শাদাব খান ও মোহাম্মদ আমির।
আগামী ২৮ জানুয়ারি মাউন্ট মাউনগানুইতে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। ক্রিকইনফো