বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে আগের দুই ওয়ানডে থেকে মাত্র একটি পরিবর্তন এসেছে। আগের ১৫ জনের সঙ্গে নতুন দলে যোগ দিয়েছেন কেবল ইমরুল।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ১১৮ রানের ইনিংস খেলেছেন ইমরুল। দারুণ এই পারফরম্যান্স ও ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের হতাশাজনক পারফরম্যান্স ওয়ানডে দলের দরজা আবার খুলে দিয়েছে তার। শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে বাজেভাবে আউট হওয়ায় এনামুলের ফাইনাল খেলা নিয়ে ওঠে প্রশ্ন। যেটা আরও জমাট বাঁধলো স্কোয়াডে ইমরুল যোগ হওয়ার পর।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের খেলা ৪ ম্যাচই খেলেছেন এনামুল। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি, ৪ ম্যাচে এই ওপেনারের রান মাত্র ৫৫। এই পারফরম্যান্স দিয়ে ফাইনালের একাদশে জায়গা পান কিনা, সেটাই এখন দেখার।
ফাইনালের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।