চট্টগ্রাম টেস্টেও নেই সাকিব

ইনজুরির পর সাকিব (ছবি: বিসিবি)শ্রীলঙ্কার বিপক্ষে ‍ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ফাইনালে সাকিবের ব্যাট করার সম্ভাবনা ক্ষীণ। এখন জানা গেছে, ৩১ জানুয়ারি শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এ তথ্য।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়ে লাফ দিয়েছিলেন সাকিব। তখনই আঘাত পান আঙুলে। তার জায়গায় ইনিংসের বাকি সময়ে ফিল্ডিং করেন নাসির হোসেন।

বাংলা ট্রিবিউনকে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই। তার আঙুলে সেলাই পড়েছে। তবে কয়টা সেলাই পড়েছে তা জানি না। সেলাই শুকানোর ওপর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলা নির্ভর করছে তার।’ মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি।

ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান সাকিব। শুরুতে মাঠে চিকিৎসা নিলেও পরে বেরিয়ে আসেন তিনি। ড্রেসিং রুমে কিছুক্ষণ বরফ দিয়ে রাখার পর হাসপাতালে নেওয়া হয় এই অলরাউন্ডারকে।

চট্টগ্রামে টেস্টে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম নিয়েছিলেন সাকিব। তবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন তিনি। সফরে ভরাডুবির পর মুশফিককে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে সাকিবকে নেতৃত্ব দেওয়া হয়, আর সহ-অধিনায়ক করা হয় মাহমুদউল্লাহকে।