শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে বাজেভাবে হেরে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ। সাকিব আল হাসানকে হারিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
সাকিবকে হারিয়ে আরেক অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে চার বছর পর ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে দলে রাখা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের আগে একাদশ সাজানো নিয়েও কঠিন পরীক্ষাতে বসতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।
কঠিন এই লড়াইয়ের আগে সোমবার অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারই ছিলেন সিরিয়াস। চার বছর পর জাতীয় দলে ফেরা রাজ্জাকের সঙ্গে ঘাম ঝরিয়েছেন ১৭ বছর বয়সী তরুণ অফ স্পিনার নাঈম ইসলাম। মুশফিকুর রহিম, মুমিনুল হক লিটন দাস, ইমরুল কায়েস নেটে টানা ব্যাটিং করলেন। সবার মনে গত দুই ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।
চট্টগ্রাম টেস্টে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর অভিষেক হতে যাচ্ছে। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করতে হবে তাকে। তার সঙ্গে মুমিনুল ও মুশফিকের দিকে আলাদা নজর থাকবে ভক্তদের।
সোমবারের ঐচ্ছিক অনুশীলন পর্বে এই দুই ক্রিকেটার কঠোর পরিশ্রম করেছেন। দুইবার করে ব্যাটিং অনুশীলন করলেন। ব্যাটিংয়ে মুমিনুল অনুশীলন করেছেন সবচেয়ে বেশি, নেট পর্ব শেষ করে এইচপির কোচ সায়মন হ্যালমটকে নিয়ে আরও আধাঘণ্টার মতো অনুশীলন করলেন।
মুমিনুলকে নিয়ে কাজ করার সময় পাশের নেটে ব্যাটিং করতে থাকা মুশফিকের দিকেও নজর গেল অস্ট্রেলিয়ান এই কোচের। মুশফিককে কী যেন বললেন তিনি। মুশফিকের পাশের নেটে তখন মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন বোলিং মেশিনের সাহায্যে।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলাররাও কঠোর পরিশ্রম করেছেন অনুশীলনে। ছিল ফিল্ডিং অনুশীলনের পর্বও। তবে সোমবার ক্লোজ ফিল্ডিং অনুশীলনের ওপর জোর দেওয়া হয়েছে বেশি।