বুধবার চট্টগ্রামে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা জানালেন চান্ডিমাল, ‘ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচ বাদে আমাদের ভালো সময় কেটেছে। দুটি ম্যাচ হেরে আমরা আরও ভালো খেলার জন্য উদগ্রীব ছিলাম। তবে এটা নতুন ফরম্যাটের খেলা। আমাদের বোলিং বিভাগ বেশ ভালো। আমাদের দলে রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার মতো বোলার আছে। আমরা ফলাফল সম্পর্কে চিন্তা করার বদলে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই। আমরা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।’
দেশের দ্বিতীয় শীর্ষ উইকেট শিকারি হেরাথের প্রশংসায় চান্ডিমাল বলেছেন, ‘হেরাথ অসাধারণ। তিনি যা চান, তাই করতে পারেন। আমাদের দলের অনেক বড় সম্পদ তিনি। আশা করি, তিনি তার কাজগুলো সঠিকভাবে করতে পারবেন।’
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় পেলেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে মানছেন চান্ডিমাল। এজন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশ সত্যিই ভালো দল। গত কয়েক বছর ধরে তারা অসাধারণ খেলছে। আশা করি ভালো একটি সিরিজ হবে।’
বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই টেস্টে নেই। এটা শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দেবে কিনা প্রশ্নে চান্ডিমালের কৌশলী জবাব, ‘সে (সাকিব) সত্যিই অসাধারণ খেলোয়াড়। দুর্ভাগ্যবশত আগের ম্যাচে সে ইনজুরিতে পড়েছে। আমরা একজনকে নিয়ে চিন্তা করছি না। সবাইকে নিয়ে সমান পরিকল্পনা আছে আমাদের। আমরা প্রতিযোগিতা করতে এখানে এসেছি। আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে চাই।’