অস্ট্রেলিয়াকে উড়িয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

মঞ্জত কালরা খেলেছেন হার না মানা ১০১ রানের ইনিংসঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন এখন ভারত। মঞ্জত কালরার হার না মানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এবারের যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারতীয় যুবারা।

এ নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত। ফেভারিট হিসেবে নিউজিল্যান্ডের আসর শুরু করে শিরোপা জিতে মিশন শেষ করেছে পৃথিবী শাও’রা। শনিবার টুর্নামেন্টটির ফাইনালে অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায় ২১৬ রানের। সহজ এই লক্ষ্য ৬৯ বল আগেই ২ উইকেট হারিয়ে টপকে যায় ভারত।

ভারতীয় বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার যুবারা। টপ অর্ডারের ব্যর্থতার পর ৭৬ রানের ইনিংস খেলেন জোনাথান মেরলো। ৩৪ রান করেন পরম উপ্পল। দুটি করে উইকেট নিয়েছেন ইশান পোরেল, শিবা সিং, কমলেশ নাগরকোটি ও অনুকূল রায়।

২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মঞ্জত কালরার হার না মানা সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে ভারত। দলকে চ্যাম্পিয়ন করার পথে এই ওপেনার অপরাজিত ছিলেন ১০১ রানে। তার সঙ্গে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছেড়েছেন হার্ভিক দেসাই।

বাংলাদেশের গত আসরে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল ভারতকে। ২০১৬ সালের আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা। এবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে সেই হতাশা দূর করলো পৃথিবীরা। ক্রিকইনফো