২০১৯ বিশ্বকাপে ম্যাকগ্রার ফেভারিট ইংল্যান্ড

গ্লেন ম্যাকগ্রাক্রিকেট বিশ্বকাপ আসতে এখনও অনেক দেরি। ২০১৯ সালের মে মাসে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এত আগে বিশ্বকাপ ফেভারিট নির্ধারণ করা খানিকটা কঠিনই। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে কঠিন কাজটা করেছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসারের ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড।

এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হেরেছে ইংল্যান্ড। টেস্টে সময় খারাপ কাটলেও ওয়ানডেতে অসাধারণ পারফর্ম করছে ইংলিশরা। যার প্রমাণ অ্যাশেজের পর ওই অস্ট্রেলিয়াকেই হারিয়েছে ৪-১ ব্যবধানে। নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সেরা বছর কাটানো ভারত কিংবা ৫০ ওভারের ক্রিকেটে বরাবরই দুর্দান্ত দক্ষিণ আফ্রিকাকে পেছনে রাখছেন ম্যাকগ্রা। এমনকি বর্তমান চ্যাম্পিয়ন নিজের দেশ অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে রেখেছেন ইংলিশদের।

কিন্তু কেন? উত্তরটা ম্যাকগ্রা দিয়েছেন ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’-এ লেখা কলামে, ‘গত কিছুদিনে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডকে আমি যেভাবে দেখেছি, তাতে আপনাকে ওদের সামনের বিশ্বকাপের ফেভারিট বলতেই হবে।’ পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি নিজের লেখায়, ‘গত ২২ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড জিতেছে ১৯টিতে। যদি তারা জয়ের অনুপাত একই রাখে, মাঠে খেলার কর্মশক্তি ধরে রাখে এবং একাবদ্ধ থাকে একইভাবে, তাহলে ঘরের মাঠে তাদের হারানো কঠিন হবে।’

এউইন মরগানের নেতৃত্বে দলটির স্কোয়াডও দুর্দান্ত। ওপেনিংয়ের পর মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার ব্যাটিংয়ে বাড়তি শক্তি জোগাচ্ছে তাদের। স্কোয়াডের প্রশংসাও করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার, ‘ওদের ব্যাটিং লাইন-আপ ভীষণ শক্তিশালী এবং দলের প্রত্যেকে তাদের গেম প্ল্যান সম্পর্কে জানে।’

আলাদা করে লিখেছেন জো রুটের কথা, ‘৪ নম্বরে নিখুঁত কাজ করছেন জো রুট। নিজের পজিশনে এসে ইনিংস বড় করছেন। টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের মতো তিনি বিধ্বংসী নন। তিনি বলের দিকে নজর রেখে দলের স্কোর বড় করার কাজ করেন। নেতৃত্বের ভার না থাকায় স্বাধীনভাবে খেলতে পারছেন, যেটা তার জন্য দারুণ ব্যাপার।’