মেলবোর্নে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে ৭ উইকেটে ১৩৭ রানে বেধে দেয় অসিরা। জবাবে মাত্র ১৪.৩ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান করে তারা।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভার থেকে শুরু হয় তাদের উইকেট হারানোর মিছিল। টানা তিন ওভারে অ্যালেক্স হেলস (৩), জেসন রয় (৮) ও ডেভিড মালান (১০)। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর জেমস ভিঞ্চ ও জশ বাটলারের ৩৬ রানের জুটিতে ওই ধাক্কা খানিকটা সামলে ওঠে ইংলিশরা।
ভিঞ্চ ২১ রানে এন্ড্রু টাইয়ের বলে বোল্ড হলে স্যাম বিলিংসকে নিয়ে ইনিংসের সেরা ৪৩ রানের জুটি গড়েন বাটলার। বিলিংসের ব্যাটে আসে দ্বিতীয় সেরা ২৯ রান। ইনিংসের শেষ বলে সর্বোচ্চ ৪৬ রানে আউট হন অধিনায়ক বাটলার।
কেন রিচার্ডসন অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দুটি পান বিলি স্ট্যানলেক।
এরপর ডি’আর্চি শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েলের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়া। ২৬ বলে ৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৩৯ রানে আউট হন ম্যাক্সওয়েল। অ্যারন ফিঞ্চের সঙ্গে শর্টের অবিচ্ছিন্ন ২২ রানের জুটিতে ৩৩ বল হাতে রেখে জিতে যায় স্বাগতিকরা। ৩৩ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শর্ট তিনটি চার ও একটি ছয়ে। ১৫তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান ফিঞ্চ, মাত্র ৫ বলে দুটি করে চার ও ছয় মেরে ২০ রানে অপরাজিত ছিলেন তিনি।
ইংল্যান্ডের পক্ষে জর্ডান সর্বোচ্চ দুটি উইকেট নেন।
ত্রিদেশীয় সিরিজের অস্ট্রেলিয়া পর্ব শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড পর্ব। ওইদিন স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর আগামী ১৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো