বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৯৪ রান করেছে ব্রাদার্স। মাত্র ৬৭ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৭৯ রানের আক্রমণাত্মক ইনিংস এসেছে অলকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলী। দুই উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া আরিফুল হক। দেলোয়ার হোসেনের শিকারও দুই উইকেট।
তিনজন হাফসেঞ্চুরি করলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রাইম ব্যাংক। ৪৭.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায় তারা। সাত নম্বরে নামা নাহিদুল ইসলামের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮৮ রান। ৬৯ বলের ঝড়ো ইনিংসটি সাজানো আটটি চার ও চারটি ছক্কায়। এছাড়া ওপেনার জাকির হাসান এবং ভারতের কুনাল চান্দেলা ঠিক ৫০ রান করে আউট হয়েছেন।
ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়িয়ে ৪৬ রানে তিন উইকেট নিয়েছেন অলক। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা অলকই ম্যাচের সেরা খেলোয়াড়। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও সোহরাওয়ার্দী শুভ।