সাকিবের থাইল্যান্ডে যাওয়ার তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘গতকাল (সোমবার) রাতে সাকিব থাইল্যান্ডে গেছে। আজ দুজন অর্থোপেডিক বিশেষজ্ঞর সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট আছে। তাদের মতামত জেনে সে ফিরে আসবে। আশা করি, আগামী ৪ মার্চ দলের সঙ্গে সাকিব শ্রীলঙ্কায় যেতে পারবে।’
ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারছেন না সাকিব। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ার পর ব্যাট করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন ‘দর্শক’।
৬ মার্চ শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে। ডাবল লিগ পদ্ধতির এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ১৮ মার্চ। প্রতিযোগিতার সব ম্যাচ হবে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে।