আলোক স্বল্পতার কারণে বৃহস্পতিবারের খেলা শেষ হয়েছে ১৪ ওভার আগেই। ৫ উইকেটে ২২৫ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৩২ ও টিম পেইন ২১ রানে অপরাজিত ছিলেন।
তাদের আগে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে প্রভাবশালী কোনও ইনিংস পায়নি। দক্ষিণ আফ্রিকার বোলিং ছিল ধারাবাহিক ও প্রশংসনীয়। ভারনন ফিল্যান্ডার ও কেশব মহারাজ দুটি করে উইকেট নিয়েছেন, বাকি উইকেট কাগিসো রাবাদার।
ডেভিড ওয়ার্নার ও স্মিথকে লম্বা ইনিংস খেলতে না দেওয়া দক্ষিণ আফ্রিকার উল্লেখযোগ্য সাফল্য। যদিও টানা পঞ্চমবার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন স্মিথ। সাদা বলে ভুগতে থাকা ওয়ার্নার ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকায় ষষ্ঠ হাফসেঞ্চুরি করলেন। কিন্তু তাদের কারও ইনিংসকে তিন অঙ্কের ঘরে যেতে দেয়নি প্রোটিয়ারা।
মাত্র ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে বেশ ভালো প্রতিরোধ গড়ে তারা। এই সেশনে মাত্র একটি উইকেট হারায় সফরকারীরা। গত দুই অ্যাশেজ টেস্টে টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা স্মিথ ৯৪ বলে ফিফটি হাঁকান। কিন্তু চা বিরতির কিছুক্ষণ আগে মহারাজের বলে স্লিপে ডি ভিলিয়ার্সের ক্যাচ হন অসি অধিনায়ক। তার ১১৪ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ১১টি চার। শন মার্শের সঙ্গেও তার জুটি ছিল ৫৬ রানের।
দুই ভাই মিচেল ও শন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। চা বিরতির পর তৃতীয় ওভারেই বড় ভাই শনকে (৪০) ডি ভিলিয়ার্সের ক্যাচ বানান মহারাজ।
পেইন ও মিচেলের ৪৮ রানের অপরাজিত জুটিতে প্রতিরোধ গড়ে দিন শেষ করে সফরকারীরা। ক্রিকইনফো