২০১৪ বিশ্বকাপে শিরোপার কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি। তারপর কোপা আমেরিকায় টানা দুইবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। বার্সেলোনার এই তারকাকে ঘিরে আবারও স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। গালার্দোও তাদের বাইরে নন। তিনিও ১৯৮৬ সালের পর আবার শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার, আর সেটা মেসির হাত ধরে।
ক্লাব ফুটবলে এমন কোনও শিরোপা নেই যেটা জেতা হয়নি মেসির। ব্যক্তিগত পুরস্কারেও তার ট্রফি কেস ভরা। অপূর্ণতা বলতে কেবল শুধু আর্জেন্টিনার জার্সিতে কোনও শিরোপা জিততে না পারা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সেই অপূর্ণতা দূর করতেই নামতে যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে। গালার্দোর বিশ্বাস আর্জেন্টাইন অধিনায়ক পারবেন। যদিও আলবিসেলেস্তেদের আকাশে তুলছেন না। তার মতে, আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে ব্রাজিল, জার্মানি ও স্পেন।
রাশিয়ান সংবাদমাধ্যম ‘আরটি’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার মতে আর্জেন্টিনা সবসময়ই বিশ্ব ফুটবলের উপরের দিকের দল। এখন আর্জেন্টিনার চেয়ে ভালো অবস্থানে আছে দুই-তিনটি দল- প্রথম ব্রাজিল, এরপর জার্মানি ও স্পেন।’ এরপরও আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন, কারণ, ‘আমাদের দলে মেসি আছে। তাই (বিশ্বকাপ) জেতার সুযোগ আছে আমাদের।’
রাশিয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। গোল ডটকম