এক সপ্তাহের ক্যাম্পে পেসারদের ধারাবাহিকতা ও মানসিক শক্তি নিয়ে কাজ করেছেন ওয়ালশ। ফাস্ট বোলিং কি, কোন পরিস্থিতিতে কীভাবে করতে হয় তাদের বুঝিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমি পেসারদের নিয়ে আশাবাদী, ক্যাম্পে তারা মনোযোগী ছিল। রুবেল-মোস্তাফিজ-তাসকিনের ওপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। রনি আর রাহীর মতো তরুণরাও নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে পারলে তারা সাফল্য পাবে।’
বিশেষ ক্যাম্প নিয়ে সন্তুষ্ট ওয়ালশ, ‘গত তিনটি সিরিজে আমাদের বোলিংয়ে ধারাবাহিকতা ছিল না। আমরা তাই পেসারদের ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছি। দলে নিজেদের ভূমিকা কী তা বুঝতে হবে পেসারদের। ফাস্ট বোলিং আসলে কী, এটা করতে কতটা জোর দেওয়া প্রয়োজন এসব বিষয়ে বোঝানো হয়েছে তাদের। গতকাল নেটে অনুশীলন হয়েছে। আর আজকের অনুশীলন ছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। ছেলেরা পেস বোলিংয়ের সব কিছুই এখন আত্মস্থ করতে পারছে।’