পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া চার ক্রিকেটারের মধ্যে অধিনায়ক মাহমুদউল্লাহ শনিবার রাতে ঢাকায় ফেরেন। কেবল তিনিই দলের সঙ্গে দুপুরের ফ্লাইটে বিমানে উঠেছেন। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান দুবাই থেকে সরাসরি কলম্বোতে দলের সঙ্গে যোগ দেবেন।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দলের সবাই সুস্থভাবে ও নিরাপদে কলম্বোতে পৌঁছেছেন।
দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমকে রুবেল হোসেন বলেছেন, ‘শেষ সিরিজটা আমাদের ভালো হয়নি। আশা করি শ্রীলঙ্কাতে আমরা ভালো করতে পারব। আমাদের প্রস্তুতি ভালো। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছি।’
শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে হচ্ছে নিদাহাস ট্রফি। এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত। টুর্নামেন্টটি ৬ মার্চ শুরু হলেও বাংলাদেশর প্রথম খেলা ৮ মার্চ। ১৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হওয়া এই সিরিজের সব ম্যাচই হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।
বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। ১২ মার্চ দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহরা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতের সঙ্গে ফিরতি ম্যাচে তারা মুখোমুখি হবে ১৪ মার্চ, এর দুই দিন পর লিগ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মোকাবিলা কারবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ১৮ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ (ভারপ্রাপ্ত অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।