হাথুরুসিংহের চোখে বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: বিসিবিবাংলাদেশে এসে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে গেছে টি-টোয়েন্টি সিরিজে, নিদাহাস ট্রফিতে নামার আগে তাই আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। যে কারণে মানসিকভাবে টাইগারদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন লঙ্কানদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশের কোচ হিসেবে কাটিয়েছেন অনেকটা সময়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাবেক দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কার কোচ হিসেবে প্রথম মিশন সফলতার সঙ্গে শেষ করেছেন হাথুরুসিংহে। সেই বাংলাদেশের সঙ্গে ভারতকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। কুড়ি ওভারের এই লড়াইয়ের আগে বাংলাদেশের চেয়ে নিজেদের খানিকটা এগিয়ে রাখলেও হাথুরুসিংহের চোখে ফেভারিট ভারত।

মঙ্গলবার ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। তার আগে সোমবারের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাথুরুসিংহে। সেখানেই তিনি বলেছেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে, গত সিরজের কারণে সম্ভবত মানসিকভাবে একটু হলেও এগিয়ে আছি আমরা। যদিও ওই সিরিজ শেষ হয়ে গেছে। আমাদের প্রধান লক্ষ্য হলো ঘরের মাঠে শুরুটা ভালো করার।’

বাংলাদেশ সফরে মাহমুদউল্লাহদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও নিজেদের গায়ে ফেভারিট তকমা লাগাচ্ছেন না হাথুরুসিংহে। তার মতে, ভারতই এগিয়ে রয়েছে। যদিও নিদাহাস ট্রফিতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজ জেতা দলের বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিৎ বোমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়েছে তারা। এরপরও রোহিত শর্মার নেতৃত্বে আসা দলটিকে খাটো করে দেখার সুযোগ দেখছেন না লঙ্কান কোচ।

যেকোনও দল নিয়েই ভারত শক্তিশালী বলে মনে করেন তিনি। তাই ভারতকেই ফেভারিট মানছেন হাথুরুসিংহে, ‘রেটিংয়ের দিকে গেলে ভারত এক নম্বর দল, তাই তারা সবসময় অন্য দলের চেয়ে এগিয়ে থেকে শুরু করে। যেই আসুক না কেন, ভারত সবসময় শক্তিশালী দল।’ সঙ্গে যোগ করেছেন, ‘তাদের দল যাই হোক, আমরা প্রস্তুত। ওদের তারকা খেলোয়াড়রা এলে দর্শকদের জন্য ভালো হতো, তবে দুর্ভাগ্যবশত তারা অন্য একটা দল পাঠিয়েছে। যদিও এর মানে এই নয় যে, আমরা ফেভারিট।’ হিন্দুস্তান টাইমস