একান্ত সাক্ষাৎকারে মাশরাফি মুর্তজা

‘হ্যাটট্রিকের চেয়ে দলের জয়ই আমার কাছে বড়’

519A5549জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১৩ রান, হাতে উইকেট চারটি। ধীমান ঘোষ আর আব্দুর রাজ্জাকের ব্যাটে তখন জয়ের সুবাস পাচ্ছিল অগ্রণী ব্যাংক। কিন্তু শেষ ওভারে মাশরাফি মুর্তজার অবিশ্বাস্য বোলিং নাটকীয় জয় এনে দিয়েছে আবাহনীকে। শেষ ওভারে দ্বিতীয় থেকে পঞ্চম বলে ধীমান, রাজ্জাক, শফিউল ইসলাম আর ফজলে রাব্বীকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ঢাকার লিগে অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করার পর বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ম্যাচ আর ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বললেন ‘নড়াইল এক্সপ্রেস’।

বাংলা ট্রিবিউন: ২০০১ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে আপনার অভিষেক। আর হ্যাটট্রিক পেলেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। কেমন অনুভূতি?

মাশরাফি : সত্যি কথা বলতে হ্যাটট্রিকের জন্য আলাদা কোনও অনুভূতি নেই। ম্যাচ জিততে পেরেছি সেটাই সবচেয়ে বড় ব্যাপার।  আমার কাছে আবাহনীর জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দলে পেস বোলারের ঘাটতি আছে, যে কারণে প্রাইম ব্যাংকের বিপক্ষে আগের ম্যাচে হেরেছিলাম। আজকেও আমরা পেস বোলার সংকটের কারণে হেরে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে। হ্যাটট্রিকের চেয়ে জয়ের আনন্দই আমার কাছে বড়।    

বাংলা ট্রিবিউন: ম্যাচের শেষ দিকে আপনার মনে হারের শঙ্কা জেগেছিল?

মাশরাফি: শেষ ওভারে ক্রিজে ওদের দুজন সেট ব্যাটসম্যান ছিল। শেষ ওভারে ওদের ১৩ রান লাগতো। তাই  আমাদের হারের ভালোই শঙ্কা ছিল। একটা শট বের হলেই তো চার হয়ে যেতো। ম্যাচটা জিতে তাই ভালো লাগছে।

বাংলা ট্রিবিউন: প্রথম স্পেলে ৬ ওভার করে ছিলেন উইকেটশূন্য, আর দ্বিতীয় স্পেলে ৩.৫ ওভারে শিকার ৬ উইকেট। দুই স্পেলের পার্থক্য কীভাবে করবেন?

মাশরাফি: আলহামদুলিল্লাহ নতুন বলে আমার বোলিং ভালো হচ্ছে।  প্রত্যেক ম্যাচেই ভালো হচ্ছে শুরুটা। আমার জন্য নতুন বলে শুরুটা ভালো হওয়া গুরুত্বপূর্ণ। উইকেট না পেলেও বোলিং ভালো হওয়া দরকার। নতুন বলে এক প্রান্তে চাপ তৈরি করতে না পারলে অন্য প্রান্তে সুবিধা আদায় করা সম্ভব নয়।  আর পুরোনো বলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করেছি। আজ যেমন কাটার বেশি করেছি,  শেষ চারটা উইকেটই কাটারে নিয়েছি।

বাংলা ট্রিবিউন: আপনি দ্বিতীয় স্পেল শুরু করার আগ পর্যন্ত প্রতিপক্ষ লুজ বলে রান করছিল। কিন্তু আপনি আসার পর অগ্রণী ব্যাংকের ব্যাটিংয়ে ধস নেমেছে। এর রহস্য কী?

মাশরাফি: (হাসি) আমি যখন দ্বিতীয় স্পেল শুরু করি, তখন ওদের প্রায় সাড়ে আট করে রান লাগে। তখন ওদের মারতে হতোই। চাপটা ওরা নিতে পারেনি। অবশ্য আমার ওপরেও চাপ ছিল।  ভাগ্যক্রমে ঠিক জায়গায় বল করতে পেরেছি।

বাংলা ট্রিবিউন: আজ সেঞ্চুরি করা শাহরিয়ার নাফীসের বিপক্ষে কী পরিকল্পনা ছিল?

মাশরাফি: প্রতিপক্ষ যে-ই হোক, আমি সব সময় নিজের শক্তির জায়গা থেকে বোলিং করি। আমি কাটারই করছিলাম।  দুই-একটা হয়তো ক্রস সিমে করেছি, তবে ইয়র্কার দেওয়ার তেমন চেষ্টা করিনি। রাজের (রাজ্জাক) বিপক্ষে একটা করে চার খেয়েছি। মিড অফ ওপরে রেখে কাটার করেছি বেশি। ওই সময় নাফীসের উইকেটটা খুব প্রয়োজন ছিল। কাটার দিয়েই ওকে ডিপ মিডউইকেটে ক্যাচ দিতে বাধ্য করেছি। 

বাংলা ট্রিবিউন: মাশরাফির সাফল্যের কারণ কী?

মাশরাফি: আমার আত্মবিশ্বাস অনেক, বিশেষ করে নতুন বলে বেশি আত্মবিশ্বাসী থাকি। এটাই আমার সাফল্যের অন্যতম কারণ। নতুন বলে আপনি ভালো করলে  ম্যাচের নিয়ন্ত্রণও আপনার দলের হাতে চলে আসবে। শুরুটা ভালো হলে ছন্দ চলে আসে।  হয়তো প্রতি ম্যাচে নতুন বলে ভালো বোলিং হবে না, তবে বেশিরভাগ ম্যাচে ভালো হলে আত্মবিশ্বাস বেড়ে যাবে, যা পরবর্তীতে কাজে লাগানো সম্ভব হবে।

বাংলা ট্রিবিউন: আজকের মতো পরিস্থিতিতে একজন পেসার কী কী বিষয় মাথায় রাখতে পারে?

মাশরাফি: এ ধরনের ম্যাচে অনেক চাপ থাকে। ধরুন থার্ডম্যান ফিল্ডারকে ওপরে এনে রাখা হয়েছে। এসময় ব্যাটের কানায় লেগে চার হয়ে গেলে কিন্তু বোলারের ওপর  চাপ বেড়ে যাবে। এসব ক্ষেত্রে শুধু ভালো বোলিং করলেই হয় না, ভাগ্যও পক্ষে থাকতে হয়। এ সময় নেতিবাচক চিন্তা না করে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করা উচিত। আজ আমার মাথায়ও নেতিবাচক চিন্তা এসেছিল। একবার ভেবেছিলাম থার্ডম্যান পেছনে নেবো কিনা। তবে শেষ পর্যন্ত থার্ডম্যান ওপরে রেখেই বোলিং করেছি, আর সফল হয়েছি।

বাংলা ট্রিবিউন: এটা কী অভিজ্ঞতার কারণে করতে পেরেছেন?

মাশরাফি: অভিজ্ঞতার কোনও বিকল্প নেই, এর গুরুত্ব অন্যরকম। তরুণ খেলোয়াড়দের চাপ দিয়ে লাভ নেই। তারা ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করবে। তবে আমি বলবো, অভিজ্ঞতাকে সব সময় গুরুত্ব দেওয়া উচিত।

বাংলা ট্রিবিউন: অন্য পেসাররা কি অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় তেমন সাফল্য পাচ্ছে না?

মাশরাফি: উইকেটে পেসারদের জন্য তেমন কিছু নেই। এবার ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট হয়েছে, বড় বড় স্কোর হচ্ছে। 

বাংলা ট্রিবিউন: এবারের লিগে আট ম্যাচ খেলে আপনার ২৫ উইকেট। কোথায় গিয়ে থামতে চান?

মাশরাফি: লিগের আগে ভালো বোলিংয়ের পরিকল্পনা করেছিলাম। নিজেকে প্রস্তুত করার জন্য এটা আমার সামনে দারুণ সুযোগ। অন্যরা টেস্ট খেলছে, টি-টোয়েন্টি খেলছে, কিন্তু আমি তা পারছি না।  ইনশাল্লাহ সুস্থ থাকলে লিগে ১৫টা ম্যাচ খেলতে পারবো।