দুই বছর পর ভারতকে হারালো শ্রীলঙ্কা

দারুণ এক ইনিংস খেললেন পেরেরা২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি পুনেতে ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি জিতেছিল শ্রীলঙ্কা। দুই বছরেরও বেশি সময় পর আবার ভারতীয়দের হারালো তারা। শিখর ধাওয়ানের হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি গড়েছিল ভারত। তবে প্রত্যাবর্তনের ম্যাচে নজর কাড়লেন কুশল পেরেরা। তার দুর্দান্ত শুরু তৈরি করে দিয়েছিল শ্রীলঙ্কার জয়ের রাস্তা। শেষটা করলেন থিসারা পেরেরা। তিন দেশের নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারালো শ্রীলঙ্কা।

টানা ৭ ম্যাচ হারের পর ভারতের বিপক্ষে জিতলো লঙ্কানরা।  দুই বছর আগে ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজের শেষ দুটি হেরেছিল তারা। তারপর এশিয়া কাপে একটি ও দুটি দ্বিপাক্ষিক সিরিজের চার ম্যাচে টানা হারতে থাকে শ্রীলঙ্কা। চন্ডিকা হাথুরুসিংহের ছোঁয়ায় এবার সেই হতাশার বৃত্ত থেকে বের হলো স্বাগতিকরা।

ভারত আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে করে ১৭৪ রান। জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান করে শ্রীলঙ্কা।

পেরেরার ফেরা হলো দুর্দান্ত। বাংলাদেশে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মাঝপথে ছিটকে যান এই বাঁহাতি ব্যাটসমান। দ্বিতীয় ওভারে কুশল মেন্ডিস (১১) আউট হলে ক্রিজে নামেন এবং ভারতীয় বোলারদের ওপর চড়াও হন।

পাওয়ার প্লের ৬ ওভারেই শ্রীলঙ্কা তুলে ফেলে ২ উইকেটে ৭৫ রান। দানুশকা গুনাথিলাকাকে (১৯) নিয়ে ৫২ রানের ঝড়ো জুটি গড়েন পেরেরা। ২২ বলে ৫ চার ও ৩ ছয়ে অষ্টম হাফসেঞ্চুরি মেরে কুমার সাঙ্গাকারার পাশে বসেন তিনি। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ইতিহাসে এখন যৌথ সর্বোচ্চ হাফসেঞ্চুরির মালিক পেরেরা। দলীয় ১২৭ রানে ওয়াশিংটন সুন্দর তাকে পেছনে দিনেশ কার্তিকের ক্যাচ বানান। ৩৭ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৬ রান করেন পেরেরা।

চান্ডিমালকে ফেরালেন চাহালদারুণ গতি তোলা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কার লাগাম টেনে ধরেছিল ভারত। কিন্তু থিসারা ও দাশুন শানাকার অপরাজিত ৩৯ রানের জুটিতে ৯ বল বাকি থাকতে জয় পায় স্বাগতিকরা। ১০ বলে ২ চার ও ১ ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন থিসারা। ১৫ রানে খেলছিলেন শানাকা।

দুটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে প্রথম দুই ওভারেই দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে বিরাট ধাক্কা দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বিরাট কোহলিহীন দলটি ঘুরে দাঁড়ায় ধাওয়ানের ব্যাটে। তার হাফসেঞ্চুরিতে ভারত করে ৫ উইকেটে ১৭৪ রান।

ভারত প্রথম উইকেট হারায় ইনিংসের চতুর্থ বলে। দুষ্মন্ত চামিরার বলে জোরে শট নিয়েছিলেন রোহিত শর্মা। মিড অফ থেকে পেছনে দৌড়ে দুর্দান্ত ক্যাচে জীবন মেন্ডিস ফেরান ভারপ্রাপ্ত অধিনায়ককে। ৪ বল খেলেও রানের খাতা না খুলে ফিরে যান রোহিত।

ধাওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারতপরের ওভারেই সুরেশ রায়নাকে বোল্ড করে নুয়ান প্রদীপ নেন ভারতের দ্বিতীয় উইকেট। শ্রীলঙ্কার দারুণ শুরু মাটি করে দেন ধাওয়ান। মনীষ পান্ডের (৩৭) সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন এই ওপেনার। ৩০ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করে ম্যাচ বের করে নেন ধাওয়ান। ৮২ রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যানকে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল। কিন্তু ব্যর্থ হন ধাওয়ান, দলকে ভালো একটা স্কোর এনে দিয়ে আউট হন ৯০ রানে। তার ৪৯ বলের ইনিংসে আছে ৬টি করে চার ও ছয়।

ইনিংসের শেষ বলে রিশভ পান্ত ২৩ রানে চামিরার দ্বিতীয় শিকার হন। ৬ বল খেলে ১৩ রানে অপরাজিত ছিলেন কার্তিক। ক্রিকইনফো