নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
প্রথম ওভারে তাসকিনকে একটি করে চার ও ছয় মেরে শুভ সূচনা এনে দিয়েছেন কুশল মেন্ডিস। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে আছেন দানুশকা গুনাথিলাকা। পরের ওভারে মোস্তাফিজ দেন আরও ১১ রান।
তৃতীয় ওভারে বল হাতে নেন রুবেল হোসেন। এই ডানহাতি পেসারের বলে একটু দেখেশুনে খেলেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার, নেন মাত্র ৬ রান। তবে তাসকিন তার দ্বিতীয় ওভারে আবারও তোপের মুখে পড়েন ২২ রান দিয়ে।
ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজ তার স্লোয়ার কাটারে গুনাথিলাকাকে বোল্ড করেন। ১৯ বলে তিন চার ও এক ছয়ে ২৬ রান করেন লঙ্কান ওপেনার। ৫৬ রানের জুটি ভেঙে যাওয়ার পর কুশল মেন্ডিসের সঙ্গে ক্রিজে আছেন কুশল পেরেরা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে ভারতকে হারিয়ে শুরু করে। আর বাংলাদেশ এই প্রতিযোগিতায় শুরু করেছে ভারতের কাছে ৬ উইকেটে হেরে। দুই দলই প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে।
শ্রীলঙ্কা: দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক ও উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুষ্মন্ত চামিরা ও নুয়ান প্রদীপ।
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম।