প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে ১ উইকেটে ৩৯ রানে শনিবারের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা ২৯ রানে প্যাট কামিন্সের দ্বিতীয় শিকার হলে ভাঙে ৪৫ রানের জুটি।
এরপর আমলা ও এলগারের জুটিতে দ্বিতীয় সেশন পার করে দেয় প্রোটিয়ারা। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত মাত্র ৪৩ রান যোগ করেছেন তারা দুজন। শেষ সেশনের শুরুতে আমলাকে ৫৬ রানে ফেরান মিচেল স্টার্ক। পরের ওভারে ৫৭ রানে জোশ হ্যাজেলউডের শিকার এলগারও। যেন তোলপাড় শুরু হয় প্রোটিয়াদের ব্যাটিং লাইনে।
মিচেল মার্শ তার টানা ওভারে ফাফ দু প্লেসিস (৯) ও থেউনিস ডি ব্রুইনকে (১) ফিরিয়ে বড় ধাক্কা দেন। ২২৭ রানে কুইন্টন ডি কক (৯) সপ্তম ব্যাটসম্যান হয়ে আউট হলে অস্ট্রেলিয়া লিড নেওয়ার আভাস পাচ্ছিল।
তবে ভারনন ফিল্যান্ডারকে নিয়ে দাঁড়িয়ে যান ডি ভিলিয়ার্স। ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ২০ রানে এগিয়ে রেখে দিন শেষ করেন তিনি। ৮১ বলে ১৪টি চারে ৭৪ রানে অপরাজিত আছেন ডি ভিলিয়ার্স। ফিল্যান্ডার খেলছিলেন ১৪ রানে।
মার্শ ও কামিন্স ২টি করে উইকেট নিয়ে দিনের সেরা বোলার। ক্রিকইনফো