কলম্বোর বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতেই জয়ের সৌরভ ছড়িয়ে দিয়েছিলেন লিটন দাস। সৌম্য সরকারের জায়গায় ওপেন করার সুযোগ পেয়েছেন তিনি। আর ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ১৯ বলে ৪৩ রান এসেছে লিটনের ব্যাট থেকে, যেখানে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা।
অন্য প্রান্তে তামিম ইকবালও আক্রমণাত্মক ব্যাটিংয়ে গড়ে দিয়েছেন জয়ের ভিত। আগের ম্যাচে আউট হয়েছিলেন ১৫ রান করে। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে তামিম খেলেছেন ২৯ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস। দুই ওপেনারের ঝড়ে ছয় ওভারের পাওয়ার প্লেতে বাংলাদেশ পেয়েছে ৭৪ রান, মাত্র এক উইকেট হারিয়ে।
এমন চমৎকার সূচনার পথ ধরে টাইগাররা এগিয়ে গেছে জয়ের পথে। সৌম্য সরকার (২২ বলে ২৪) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (১১ বলে ২০) দুটো ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন মুশফিক রহিম। মাত্র ৩৫ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৭২ রানের অসাধারণ ইনিংসে তিনি দেশকে নিয়ে গেছেন জয়ের বন্দরে।
এ জয়ের কথা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই যে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড টাইগারদের। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসও আজকের ২১৫/৫।