শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২১৪ রানের জবাবে টাইগাররা ২ বল আগে জয় নিশ্চিত করে ৫ উইকেট হারিয়ে। অসাধারণ এই জয়ের পথে মুশফিক ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেন হার না মানা ৭২ রানের ইনিংস। তার ওই ইনিংস দেখে নাজমুলের করা অমন মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুশফিক বললেন, ‘এই ইনিংসটার পর হয়তো তিনি জেনে গেছেন আমি অন্তত এভাবে ব্যাট করতে পারি।’
সঙ্গে যোগ করলেন, ‘আমার মনে হয় তিনি এতদিন অন্যভাবে দেখতেন আমার খেলা। দিনের পর দিন পরিশ্রম করার ফল যখন কাজে লাগে, তখন অনুভূতি অন্যরকম হয়। আমার মনে হয় না তিনি আমাদের অনুশীলন খুব বেশি দেখেছেন। যাই হোক আমরা আমাদের কাজটা করতে পেরেছি।’
জয় নিশ্চিতের পর সাপের মতো ফণা তুলে নেচেছিলেন মুশফিক। তার এই উদযাপন নিয়ে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক আলোচনাই হয়েছে এই ব্যাটসম্যানের উদযাপন ঘিরে। যদিও মুশফিক জানিয়েছেন, কোনও কিছুকে উদ্দেশ্য কিংবা পূর্বপরিকল্পিতভাবে কিছু করেননি, বলেছেন, ‘সাধারণ একটা উদযাপন ছিল। হয়তো সবার ভালো লেগেছে, তাই আলোচনা হচ্ছে। এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর এটা (উদযাপন) পূর্বপরিকল্পিত ছিল না।’