বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। অথচ জিম্বাবুয়ের আসর শুরুর আগে তারাই ছিল ফেভারিট। যুদ্ধবিধ্বস্ত দেশটির সঙ্গে অন্য কোন দল বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাবে, সেটাই ছিল আলোচনা। অথচ মাঠের লড়াইয়ে দেখা মিলছে অন্য চিত্রের।
‘বি’ গ্রুপে নেপালের বিপক্ষে লড়াইয়ের আগে আফগানিস্তানের সমান ২ পয়েন্ট ছিল হংকংয়ের। তাই নেপালের বিপক্ষে জিতলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠে যেত তারা। তখন গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত আফগানদের। সোমবারের ম্যাচে তাই তারা প্রার্থনায় বসেছিল নেপালের জয়ের। ক্রিকেট-দেবতা শুনেছেন তাদের আর্জি। হংকংকে ১৫৩ রানে অলআউট করে নেপাল পেয়েছে ৫ উইকেটের জয়।
‘বি’ গ্রুপ থেকে আফগানদের সঙ্গে সুপার সিক্সে উঠেছে স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। বুলাওয়েতে এই দুলের ম্যাচটি হয়েছে টাই। জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে স্কটল্যান্ড ৪৯.১ ওভারে অলআউট হয়ে যায় একই স্কোরে। তাই ১ পয়েন্ট ভাগাভাগি করে নামতে যাচ্ছে সুপার সিক্সের লড়াইয়ে।
‘এ’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সবকটি জিতে সুপার সিক্স মিশনে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের শেষ ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারিয়েছে ৫৪ রানে। নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে করেছিল ৩০৯ রান। আর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ডাচরা ২৮.৪ ওভারে ৬ উইকেটে করে ১৬৭ রান। সুপার সিক্সে তাদের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেইনফো