ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট রশিদের

শততম উইকেট নিয়ে রশিদের উদযাপনআফগানিস্তানের চাঞ্চল্যকর বোলার রশিদ খান আরেকটি রেকর্ড গড়লেন। সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ ওয়ানডে উইকেটের মালিক হলেন তিনি। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ৫২ ম্যাচে গড়া এই রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে শাই হোপকে আউট করে এই রেকর্ড গড়লেন রশিদ। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে দুর্দান্ত মাইফলক ছুঁলেন ১৯ বছর ১৮৬ দিন বয়সী এই তারকা।

এর আগে ২৬ ওয়ানডে খেলে অষ্টম দ্রুততম বোলার হয়ে ৫০ উইকেট নেন রশিদ। তার পেছনে সেরা পাঁচে আছেন স্টার্ক, সাকলাইন মুশতাক (৫৩), শেন বন্ড (৫৪) ও ব্রেট লি (৫৫)।

ফেব্রুয়ারিতে এই আফগান লেগ স্পিনার ৭ হাজার ৯২ দিনে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেন। তার কাছে এই মর্যাদা হারান ১৯৯৮ সালে ৭ হাজার ৬৮৩ দিনে সবার উপরে জায়গা করে নেওয়া সাকলাইন। রশিদ ও ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ যুগ্মভাবে ওয়ানডের শীর্ষ বোলার। ক্রিকইনফো, এনডিটিভি