নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি। ব্যথা নিয়েই কলম্বো থেকে লাহোরে যান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচ খেলতে। ব্যথা বেড়ে যাওয়ায় সেই ম্যাচ খেলেই চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংকক যান তিনি।
গত সপ্তাহে দেশে ফিরেছেন তামিম। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাঁহাতি ওপেনারের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ‘তামিমের ইনজুরি তেমন গুরুতর নয়। তবে এ ব্যাপারে ধীরে-সুস্থে এগোনোই ভালো। আশা করি, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে তামিমের বাঁ হাটু ব্যথা মুক্ত হয়ে যাবে।’
ব্যথা অনুভব করলেও বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তামিম। আর তাই ব্যথা বেড়ে গেছে বলে মনে করেন বিসিবির এই চিকিৎসক, ‘আবার ইনজুরিতে পড়লেও তামিম বিশ্রাম পায়নি। আমরা ওকে বিশ্রাম দিতে পারলে অনেক আগেই সে সুস্থ হতে পারতো। কিন্তু সেটা সম্ভব ছিল না। বিশ্রাম না নিয়ে খেলার কারণেই ব্যথাটা আস্তে আস্তে বেড়েছে।’
দেবাশীষ চৌধুরী জানালেন, পরিপূর্ণ বিশ্রামই সুস্থ করে তুলবে তামিমকে, ‘তামিমকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে। আমরা তাকে কোনও ইনজেকশন কিংবা ওষুধ দেবো না, শুধু ব্যথা কমানোর জন্য থেরাপি দেবো।’