শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় চেন্নাই। ৪ উইকেটে ১৬৫ রানে রোহিত শর্মাদের আটকে দেয় তারা, এরপর ১৯.৫ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে।
২০ রানে ২ উইকেট হারানোর পর ইশান কিশান ও সূরযকুমার যাদবের ৭৮ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তারা। ২৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রানে যাদব আউট হওয়ার পর ক্রুনাল পান্ডিয়ার ঝড় মুম্বাইকে লড়াকু স্কোর এনে দেয়। ২২ বলে ৫ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি।
ইশান ২৯ বলে ৪০ রান করেন।
চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শেন ওয়াটসন।
মোস্তাফিজ নিষ্প্রভ থাকলেও হার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক মারকান্দের বোলিংয়ে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। কিন্তু ডোয়াইন ব্রাভোর ঝড় সব পাল্টে দেয়। মাত্র ৩০ বল খেলে ৩টি চার ও ৭টি ছয়ে ১৯তম ওভারের শেষ বলে আউট হন তিনি। তার ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের কারণে চেন্নাই শেষ ওভারে পায় মাত্র ৭ রানের টার্গেট।
শেষ ওভারে বল হাতে পান মোস্তাফিজ। তার প্রথম তিন বলে কোনও রান নিতে পারেনি চেন্নাই। তবে চতুর্থ ও পঞ্চম বলে ছয় ও চার মেরে দলকে জেতান কেদার যাদব। মায়াঙ্ক ও পান্ডিয়া তিনটি করে উইকেট নেন। ক্রিকইনফো