দিল্লিকে হারিয়ে রাজস্থানের প্রথম জয়

রাজস্থানের বেন লাফলিন নিয়েছেন ২ উইকেটবৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ৬ ওভারে। যেখানে জয়ের জন্য দিল্লি ডেয়ারডেভিলসের দরকার ছিল ৭১ রান। লক্ষ্যটা টপকাতে পারেনি, দিল্লি করতে পেরেছে ৬০ রান। তাতে ডাকওয়ার্থ-লুইস মেথডে ১০ রানে জিতে ১১তম আইপিএলের প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজস্থান ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করলে শুরু হয় বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। রাজস্থান আর ব্যাটিংয়ে নামতে পারেনি, দিল্লির লক্ষ্য ঠিক হয় ৬ ওভারে ৭১ রানের। রাজস্থানের বোলারদের চমৎকার বোলিংয়ে সুবিধা করতে পারেনি তারা। ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লি করে ৬০ রান।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তবে খেলেছেন ৪০টি বল। বেন স্টোকস ১২ বলে করতে পারেন ১৬ রান। তবে সঞ্জু স্যামসনের ২২ বলে ৩৭ ও জস বাটলারের ১৮ বলে ২৯ রানের দুটো ঝড়ো ইনিংসে বড় স্কোরের ইঙ্গিতই দিচ্ছিল রাজস্থান। যদিও বৃষ্টির কারণে পুরো ওভার খেলতে পারেনি তারা।

টি-টোয়েন্টি ফরম্যাট কমে ৬ ওভারের ম্যাচে পরিণত হলে আরও দ্রুতগতিতে রান তোলার প্রয়োজন পড়ে দিল্লির। ওপেনিংয়ে নেমে পড়েন তাই গ্লেন ম্যাক্সওয়েল। তবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি, ১২ বলে করেন ১৭ রান। ঋষব পান্ত করেন ১৪ বলে ২০ রান। শেষ দিকে ক্রিস মরিস ৭ বলে ঝড়ো ১৭ রানের হার না মানা ইনিংস খেলেও জেতাতে পারেননি দিল্লিকে। ক্রিকইনফো