রাজ্জাকের স্পিনে মাত্র ১৮৭ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। জবাবে ১ উইকেটে ১১৫ রানে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণাঞ্চল। ৭ মাস পর লম্বা দৈর্ঘ্যের ম্যাচে ফিরে উইকেট পান মাশরাফি মুর্তজা। গত সেপ্টেম্বরে এই খুলনাতেই প্রথম শ্রেণিতে শেষবার খেলেছিলেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে জুনাইদ সিদ্দিককে (৭) মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে প্রতিরোধ গড়েছিল উত্তরাঞ্চল। কিন্তু সাকলাইন সজীব ২২ রানে মিজানুরকে ফিরিয়ে এই জুটিকে ৩৭ রানের বেশি করতে দেননি। মাত্র ৩৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখোমুখি হয় উত্তরাঞ্চল।
৮৬ রানে তারা ৬ উইকেট হারালে শান্ত ও সোহরাওয়ার্দী শুভর ব্যাটে বিপদ সামলানের চেষ্টা করেছিল। ১২০ বলে ৬ চারে ৫০ রান করার পর শান্ত আউট হন। শুরু হয় রাজ্জাকের ঘূর্ণি জাদু। তার কব্জির মোচড়ে সোহরাওয়ার্দী ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ৮৪ বলে ৮ চারে ৫৯ রানে অপরাজিত ছিলেন সোহরাওয়ার্দী।
রাজ্জাক ২০.৩ ওভারে ৪ মেডেনসহ ৫৩ রানে ৫ উইকেট নেন। এই নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট আদায় করলেন তিনি। মাশরাফিও ছিলেন হিসেবি, ১২ ওভারে ২ মেডেনের সঙ্গে ৪৯ রান দিয়ে এক উইকেট শিকার করেন। দুটি নেন সাকলাইন।
দক্ষিণাঞ্চল জবাব দিতে নেমে ২১ রানে প্রথম উইকেট হারালেও এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের ফিফটিতে শক্ত অবস্থানে। তাদের অবিচ্ছিন্ন জুটিটি ৯৪ রানের। এনামুল ৫২ ও ইমরুল ৫১ রানে অপরাজিত আছেন।