ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর অনুযায়ী, গম্ভীরের পরামর্শেই দিল্লি নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রেয়াস আইয়ারকে। আইপিএলের ১১তম আসরে দিল্লির বাজে পারফরম্যান্সের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন গম্ভীর। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বলেছেন, ‘পয়েন্ট টেবিলের যে জায়গায় আমরা আছি, তার পুরোপুরি দায়ভার আমি নিচ্ছি। আমার মনে হয়েছে আমি ঠিকঠাক কাজ করতে পারিনি। অধিনায়ক হিসেবে পুরো দায় তাই আমার ওপরই পড়ে।’
ছয় ম্যাচ খেলা দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও দেখছেন গম্ভীর। সেই কারণেই তার দায়িত্ব ছেড়ে দেওয়া। তবে একই সঙ্গে নিশ্চিত করেছেন স্বেচ্ছায় ছেড়েছেন নেতৃত্ব, ‘আমার মনে হয়েছে এটাই সঠিক সময় (নেতৃত্ব ছাড়ার), কারণ এখনও সুযোগ আছে আমাদের। আর এই সিদ্ধান্ত একান্তই আমার, ফ্র্যাঞ্চাইজির কোনও চাপ নেই।’
চলতি আইপিএলে ছয় ম্যাচে মাত্র একটিতে জিতেছে দিল্লি। কঠিন এই পরিস্থিতিতে নতুন নেতৃত্বে দলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কোচ রিকি পন্টিংও, ‘এই টুর্নামেন্ট জেতার এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের। হাতে এখনও আট ম্যাচ আছে।’
নেতৃত্ব তো আছেই, ব্যাট হাতেও কিছু করতে পারছেন না গম্ভীর। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে ৫৫ রানের ইনিংস দিয়ে দারুণভাবে আইপিএল মৌসুম শুরু করলেও এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে। পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৮৫ রান। ক্রিকইনফো