সিপিএলে সাকিবদের অধিনায়ক হোল্ডার

jason-holder-cplক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসকে নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। ষষ্ঠ আসরে এই দলটির হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর থাকায় সিপিএলের গত মৌসুমে খেলা হয়নি হোল্ডারের। কিয়েরন পোলার্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

উইন্ডিজকে ৫৬ ওয়ানডে ও ২১ টেস্টে নেতৃত্ব দেওয়া এই বোলিং অলরাউন্ডার তার আঞ্চলিরক দল বার্বাডোজের হয়ে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়ার পর হোল্ডার শুনিয়েছেন দলকে নিয়ে আশার কথা। গত মৌসুমে ছয় দলের এই লড়াইয়ে পঞ্চম হয়েছিল বার্বাডোজ। ১০টি লিগ ম্যাচে মাত্র ৪ জয় ছিল।

এক বিবৃতিতে হোল্ডার বলেছেন, ‘এই মৌসুমের জন্য সিপিএলে ফিরতে পেরে আমি খুশি। ২০১৮ সালে বার্বাডোজকে গর্বিত করতে আমি উন্মুখ হয়েছি।’ তিনি আরও যোগ করেছেন, ‘এই বছর দলে ভালো স্থানীয় খেলোয়াড়রা আছে আমাদের। এ বছরটা আমরা সাফল্যমণ্ডিত করতে চাই।’

আগামী ৮ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর হবে সিপিএলের নতুন মৌসুম। গতবার ত্রিনবার্গো নাইট রাইডার্স হয়েছিল চ্যাম্পিয়ন। ক্রিকইনফো